রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সুবিধাবঞ্চিতদের ইদ উপহার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন। সোমবার (১৮ই এপ্রিল) বিকেলে রাবির সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার সেমিনার (১২৫ নং) রুমে এই ইদ উপহার বিতরণ করা হয়।
রাবির ছাত্র উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় নবজাগরণ ফাউন্ডেশন 'ইদের নতুন জামা বিতরণ-২০২২' শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে। এসময় ৬২ জন সুবিধাবঞ্চিত শিশু এবং ১০ জন বয়স্কদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্যদ্বয় অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, কোষাধ্যক্ষ ও জনসংযোগ দপ্তরের প্রশাসক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীমা আফরোজ, উপদেষ্টা ও সাবেক সভাপতি এনামুল ইসলাম তুহিন, সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাবেক সহ-সভাপতি কাজী রতনসহ সংগঠনটির সদস্যরা।
এই উদ্যোগের বিষয়ে নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে তাদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করলাম। আমরা দেখেছি যেসকল শিশুরা নতুন পোশাক পেয়েছে তারা অনেক আনন্দিত। তাদের সেই খুশিটা আমাদের মনের মাঝেও বিরাজ করছে। আগামীতে আরও বৃহৎ আকারে এই ধরনের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করবো।
সংগঠনটির সাধারণ সম্পাদক শামীমা আফরোজ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের ইদের খুশিতে শামিল করা এবং সমাজের শ্রেণিবিভাজনের অস্তিত্ব দূরীকরণের ক্ষুদ্র প্রয়াস আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য গোলাম রাব্বি রিমন ও নাদিয়া নুসরাত।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিগত ৯ বছর যাবৎ সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষাক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি সহ নানাবিধ স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি।
কারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম