সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত।
প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। বিকল্প ইমাম হিসেবে ছিলেন মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। ক্বারী মাওলানা হাবিবুর রহমান মেশকাত মোকাব্বির হিসাবে ছিলেন (বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন)।
এর আগে শনিবার (৯ জুলাই) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের জানান, প্রধান ঈদ জামাত আয়োজনে সব প্রস্তুতি শেষ। রোববার (১০ জুলাই) সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। যেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন।
এ সময় তিনি ঢাকাবাসীকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের অনুরোধও জানিয়েছিলেন।
জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় সাড়ে তিন হাজার নারীর নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে বলে নিশ্চিত করেছেন সিটি করপোরেশন। প্রধান জামাতের জন্য প্রায় ৩০ হাজার বর্গমিটারের ঈদগাহ ময়দানে প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার প্যান্ডেল নির্মাণ করা হয়।
এর ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।