২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ কম হয়েছে বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত বছরের তুলনায় টাকার অংকে স্বাস্থ্যখাতে বাজেট কিছুটা বেড়েছে। তবে স্বাস্থ্যসেবার পরিধি অনুযায়ী স্বাস্থ্য বাজেট আরেকটু বাড়ালে ভালো হতো।
রোববার (৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নবনির্মিত আইসিইউর উদ্বোধন ও হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৫২ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ বা ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। স্বাস্থ্যসেবার যে পরিধি বেড়েছে সে অনুযায়ী আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ আরও কিছুটা বাড়ানো প্রয়োজন ছিল।
জাহিদ মালেক বলেন, চিনির ওপর ট্যাক্স বাড়ানো হলেও মিষ্টির দাম কমানো হয়েছে। মিষ্টিতে ভ্যাট দেওয়া হয়নি বলে বেশি করে মিষ্টি খেয়ে আবার ডায়াবেটিস বানানো যাবে না। যাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, সেজন্য তামাকজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, নিটোর পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম