রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু আরও ২


DhakaReport24.com || 2022-10-17 17:35:15
একদিনে রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু আরও ২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দৈনিক আক্রান্তের হিসেবে এটি এবছরের সর্বোচ্চ। এর আগে গত ১৬ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৮৫৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৪ জনে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৯৬ জন।

সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৭ জনের মধ্যে ৫২৩ জন ঢাকার ও ৩৩৪ জন অন্যান্য জেলার বাসিন্দা। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ২৬ হাজার ৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২২ হাজার ৯৩৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ৯৬ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য পাওয়া যায় জুন মাসের ২১ তারিখে।

২০২১ এ সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ১০৫ জন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম