বিশ্বব্যাপী মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ায় মানুষকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
সোমবার সিডিসি সতর্কতা দ্বিতীয় পর্যায়ে উন্নীত করেছে। প্রাদুর্ভাব মোকাবিলায় মানুষকে 'বাড়তি সতর্কতা অবলম্বন’ করতে বলেছে সংস্থাটি। মাঙ্কিপক্স ভাইরাসটি গত মাসে ২৯টি দেশে ছড়িয়ে পড়েছে।
যদিও জনস্বাস্থ্য বিষয়ক সংস্থাটি বলেছে, সাধারণ মানুষের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম রয়েছে, উচ্চ সতর্কতা অবলম্বন করে মানুষকে অসুস্থ ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া এড়াতে উৎসাহিত করা হয়েছে। এ ছাড়া যাদের দেহে ভাইরাসের উপসর্গগুলো যেমন ত্বকের ফুসকুড়ি বা ক্ষত দেখা দিয়েছে, তাদেরকে অন্যদের সংস্পর্শে না যেতে অনুরোধ করা হয়েছে।
সিডিসির ওয়েবসাইটে ভ্রমণকারীদের মাঙ্কিপক্সের বিস্তার রোধে প্রথমে মাস্ক পরতে বলা হলেও পরে সেটি সরিয়ে ফেলা হয়।
মাঙ্কিপক্স একটি বিরল রোগ, যা মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট। এর লক্ষণগুলো হলো ফুসকুড়ি, জ্বর, মাথাব্যথা, পেশি ব্যথা, পেশি ফুলে যাওয়া এবং পিঠে ব্যথা।
মাঙ্কিপক্স সাধারণত মধ্য এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোতে স্থানীয়ভাবে ছড়িয়ে থাকে। তবে উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া জুড়ে সাম্প্রতিক প্রাদুর্ভাব স্বাস্থ্য কর্মকর্তাদের বিভ্রান্ত করেছে এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে।
সিডিসির তথ্য অনুসারে, সোমবার পর্যন্ত ২৯টি দেশে মাঙ্কিপক্সের এক হাজার ১৯টি ঘটনা নিশ্চিত বা সন্দেহজনকভাবে ধরা পড়েছে। যুক্তরাজ্য এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩০২ জন আক্রান্ত হয়েছে। এর পরেই রয়েছে স্পেন ১৯৮, পর্তুগাল ১৫৩ এবং কানাডা ৮০।
সূত্র : সিএনবিসি
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম