স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা নিয়ে অবহেলা করা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে, করোনাভাইরাস এখনও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা কাজ করছি। টিকাদান কার্যক্রম সফলভাবেই হয়েছে। করোনার সংক্রমণের হার এখন অনেক কম আছে। মৃত্যুর সংখ্যাও নেই বললেই চলে।
আজ দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে আয়োজিত কাপড় বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে এখনও অনেক দরিদ্র মানুষ আছে, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুখি মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন কাজ করে চলেছেন। এই রমজানেও গৃহহীন মানুষকে প্রায় ৩০ হাজার বাড়ি দিয়েছেন। আমাদের দেশে এখনও অনেক দরিদ্র মানুষ আছে। তাঁদের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে।
ঈদ উপহার নিতে আসা উপস্থিত সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জসহ সারা দেশে অনেক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, হাসপাতাল মেডিকেল কলেজ হয়েছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা সুযোগ-সুবিধা দিয়েছে। ঈদ উপহার হিসেবে নির্বাচনী এলাকার পাঁচ হাজার দরিদ্র মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম