রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

রোববার থেকে সর্বোচ্চ আদালতে সরাসরি বিচারকাজ শুরু


DhakaReport24.com || 2022-03-03 14:50:30
রোববার থেকে সর্বোচ্চ আদালতে সরাসরি বিচারকাজ শুরু

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় ফের সরাসরি বিচারকাজে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত। রবিবার (৬ মার্চ) থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।  

তিনি বলেন, সুপ্রিম কোর্ট প্রশাসন বৃহস্পতিবারই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি করতে পারে। 

নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট ভার্চুয়াল বিচারকাজ শুরু হয়। সে হিসাবে ঠিক দেড়মাস পর সরাসরি বিচারকাজে ফিরছে সর্বোচ্চ আদালত।  

এর আগে ২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ওই সময় দেশের বিচারব্যবস্থা কার্যত বন্ধ ছিল। পরে সুপ্রিম কোর্টের অনুরোধে ১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়।   

করোনা সংক্রমণ কমতে থাকলে প্রথমে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে নিম্ন আদালতের কার্যক্রম চালু করা হয়। পরে হাইকোর্টের কয়েকটি বেঞ্চেও শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি ভার্চুয়াল আদালতও চালু থাকে।   

তবে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ এবং চেম্বার আদালত ভার্চুয়াল প্ল্যাটফর্মেই চলে আসছিল। দেড় বছরের বেশি সময় এ প্রক্রিয়ায় বিচারকাজ চলার পর গত বছর ১ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়। কিন্তু চলতি বছরের শুরুতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আপিল বিভাগের চেম্বার আদালত ভার্চুয়ালি চালানোর সিদ্ধান্ত এসেছিল।  
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম