মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্ধারিত সময়সীমা আগামী ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন সম্পন্ন করা কঠিন বিবেচনায় এ সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে।
বিআরটিএর চেয়ারম্যানের বিবেচ্যপত্রে সময়সীমা বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দেশে নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৮ লাখ। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ, যা মোট নিবন্ধিত মোটরযানের প্রায় ৭৪ শতাংশ। এত বিপুলসংখ্যক মোটরসাইকেলের সম্মুখভাগে নির্ধারিত সময়ের মধ্যে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন সম্পন্ন করা অত্যন্ত কঠিন।
বিষয়টি নিয়ে মোটরসাইকেল মালিকদের বিভিন্ন মতামত ও মন্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা চলছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত সময়সীমা ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ করা হয়েছে। তবে সময়সীমা বাড়ানোর বিষয়টি এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে।
এর আগে বিআরটিএর এক গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করে প্রদর্শনের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এর পাশাপাশি মোটরসাইকেলের সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে সামনের নম্বরপ্লেটের আকার ও তৈরির উপকরণ সম্পর্কে নির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়। স্কুটারের সম্মুখভাগে সংযোজিত নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখে নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে। প্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা ব্যবহার করা যাবে না। তবে স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে।
প্রাথমিক পর্যায়ে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত অনুসরণ করে সামনের নম্বরপ্লেট সংযোজন করতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন না করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম