চাকরিচ্যুত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারি পরিচালক মো. শরীফ উদ্দিনকে নিয়ে একতরফা সংবাদ প্রকাশ করছে গণমাধ্যমে । এমন দাবি করেছেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন।
রোববার(২০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দুদক সচিব।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন কোনো প্রভাব আমলে নেয় না এবং প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নেয় না।
মাহবুব হোসেন বলেন, দুদক (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪(২) বিধিতে কোনো কারণ দর্শানো ছাড়াই অপসারণের বিধান রয়েছে। প্রতিষ্ঠানের প্রকৃতি অনুযায়ী দুদক ছাড়াও দেশের অন্য বহু দপ্তরে এরকম আইন ও বিধি বিদ্যমান। শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনে তা প্রয়োগ করে সেসব দপ্তর/প্রতিষ্ঠান।
দুদক সচিব বলেন, শরীফ উদ্দিনকে অপসারণের আদেশ জারির পর থেকেই বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় একতরফা তথ্যের ভিত্তিতেই সংবাদ প্রচারিত হচ্ছে, যা প্রকৃত ঘটনার বিপরীত। অপসারণকৃত উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন দায়িত্ব পালনকালে, যে কোনো অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করে প্রতিবেদন দেবেন, এটাই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ যাই হোক না কেন, দুদকের অনুসন্ধান ও তদন্তের দায়িত্বপ্রাপ্ত সব কর্মচারীই নির্ভয়ে এবং নির্মোহভাবে দায়িত্বপালন করেন।
তিনি আরও বলেন, প্রভাবশালীদের চাপে শরীফ উদ্দিনকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে মর্মে তিনি দাবি করেছেন এবং মিডিয়ায় তাই প্রচার করা হয়েছে, যা প্রকৃত ঘটনা নয়।