প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আইনমন্ত্রীর কথপোকথনের ফোনালাপ ফাঁস হওয়া নিয়ে অনুসন্ধানের ব্যাপার রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সড়কে আইন শৃঙ্খলা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের সরকারিভাবে এরকম রেকর্ড করার কোনো সিস্টেম নেই। এটা যদি করে থাকে তাহলে কেউ ইচ্ছাকৃতভাবে অন্য কোনো প্রযুক্তি বের হয়েছে কিনা দেখার বিষয় আছে। এমটিএমসি একটি মাত্র প্রতিষ্ঠান যেখানে লফুল ইন্টারসেপশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া মনিটর বা প্রকাশ করতে পারে না। কাজেই অনুসন্ধানের ব্যাপার আছে।
অন্য কোনো দেশ করেছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাইরের দেশ কিনা, তা যাচাই ছাড়া বলতে পারবো না। এটা দেখতে হবে কীভাবে এলো। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কেউ মনিটরিং করতে পারবে না, প্রকাশও করতে পারবে না।
ইসি গঠনে অনুসন্ধান কমিটিতে নাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্চ কমিটি তৈরি হয়েছে। তাদের কাজ নিরপেক্ষভাবে একজন সঠিক ব্যক্তিকে যারা নির্বাচন সুষ্ঠু করতে পারবে তাদের খুঁজে বের করা। তারা কাজ করছেন, কে নাম দিল না দিলো সেটা পরের কথা। আগের সব নির্বাচনের আগেও সার্চ কমিটি করা হয়েছে। আমরা এবারও মনে করেছি।
গুম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবসময় বলে আসছি, অনেকে নিজেকে সরিয়ে রাখেন। অনেকে ব্যবসায় ফেইল করে, মামলা এড়াতে বা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে আত্মগোপন করেন। জেনেভায় আমাদের যে নামগুলো দেওয়া হয়েছিল, তাদের অনেকের নামেই ১২ থেকে ১৩টি মামলা ছিল কিংবা জেলে আছেন বা জামিনেও বের হয়েছেন এমনও হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আবারও বলছি, গুমের কথা যেগুলো বলা হচ্ছে, খুঁজলে অনেককেই আমরা উদ্ধার করতে পারছি বা পারবো। পুলিশের প্রতিবেদন লক্ষ্য রাখবেন, প্রতিবছর যদি মিসিং এরকম এক হাজার হয় দেখা যায় ৯৫০ জনই আবার রিঅ্যাপেয়ার করা যাবে। যে লিস্টটা দিয়েছে, আমরা মনে করি, অনেকেই পাওয়া যাবে। আমরা কাজ করছি।
জার্মানিতে বালিশ আনতে আইজিপি কেন যাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিনি রিজয়ন্ডার দিয়েছেন এখানে আমাদের কিছু বলার নেই। আমাদের দেশে চাদর-বালিশ যথেষ্ট হচ্ছে, আমরা বিদেশেও রপ্তানি করছি। তিনি কী ধরনের ইমপোর্ট করেছেন বিস্তারিত জানেন। তিনি যাচ্ছেন কিনা, এটা আমার জানা নেই। তিনি ভালো বলতে পারবেন কবে যাবেন, কীভাবে যাবেন।