২০২১ সালের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। এরপর চলমান একাদশ জাতীয় সংসদের শীতকালীন ও ২০২২ সালের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল ৪টায় এ অধিবেশন শুরু হবে। এই অধিবেশন ২৬ জানুয়ারি পর্যন্ত চালানোর প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জাতীয় সংসদের স্পিকার চাইলে এর সময় বাড়াতে পারবেন।
সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। তাই এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
রোববার অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হবে। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপিস্থিতিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর শোকপ্রস্তাব আনা হবে। শোকপ্রস্তাবের পর রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তারপর সংসদের অধিবেশন মুলতবি করা হবে।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে। বছরের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় যতদূর সম্ভব অধিবেশন সংক্ষিপ্ত করা হবে।
করোনাকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও রোটেশন অনুযায়ী সংসদ সদস্যরা সংসদে যেতে পারবেন। এর আগে সবার করোনা টেস্ট করাতে হবে। তবে সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা সংসদের প্রতিটি বৈঠকে অংশ নিতে পারবেন।