ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪৩ জন্য প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ধাপের ভোটগ্রহণ আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি)। শনিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, এই ধাপে চেয়ারম্যান পদে ২৫৩ জন, সংরক্ষিত সদস্য পদে ৪৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩১৭ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে এই ধাপে চেয়ারম্যান পদে এক হাজার ১৫৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে দুই হাজার ৪৫৩ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৪৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো তথ্যে দেখা গেছে, এই ধাপে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন এবং সাধারণ সদস্য পদে ১০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হলেন।