২০৩০ সালের মধ্যে দেশে ৩০ শতাংশ বৈদ্যুতিক যান ব্যবহার নিশ্চিত করা এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনে সরকারের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার (২ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও হক সেন্টারের পাশে নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতাপ্রতিষ্ঠান বিওয়াইডি এর শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের বাজারে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় বিওয়াইডি এর গাড়ি নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছে সিজি-রানার বিডি এলটিডি। এর অংশ হিসেবে বিওয়াইডি এর প্রথম শো-রুম উদ্বোধন করা হয়।
সালমান এফ রহমান বলেন, বৈদ্যুতিক যানের ব্যবহার ও রূপকল্প অর্জন নিশ্চিত করা এ উভয় লক্ষ্য অর্জনের ক্ষেত্রেই দেশে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ, যেন মানুষের বৈদ্যুতিক গাড়ি কেনার সংখ্যা বৃদ্ধি পায়। বিওয়াইডি দেশে প্রথম শো-রুম উন্মোচন করেছে, আমি তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই।
বিওয়াইডি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রথম শো-রুম চালু করেছে। এর ফলে, পরিবেশ সচেতন মানুষরা স্বাচ্ছন্দ্যে বৈদ্যুতিক গাড়ি (ইভি) ব্যবহারের অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে টেকসই জীবনযাপন করে পৃথিবী ও পরিবেশের সুরক্ষায় অবদান রাখতে পারবেন।
বিওয়াইডি শো-রুমে গিয়ে আগ্রহী ক্রেতারা বিওয়াইডি গাড়ির অভিজ্ঞতা গ্রহণ করতে পারবেন। বিওয়াইডি গাড়ির ক্রেতাদের সুবিধার্থে শো-রুমটিতে দু’টি চার্জিং স্টেশন (এসি ও ডিসি) থাকবে। বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে ভবিষ্যতে আরও শো-রুম ও সার্ভিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে সিজি রানারের।
অনুষ্ঠানে জানানো হয়, কার্বন নিঃসরণ মোকাবিলায় প্রচলিত জীবাশ্ম জ্বালানি-নির্ভর গাড়ির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনতে এবং বৈদ্যুতিক গাড়ি চালু করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। কিন্তু দেশের বাজারে বৈদ্যুতিক গাড়ির স্বল্পতার কারণে ইভি ব্যবহার বিবেচনায় দেশ এখনও শুরুর দিকে রয়েছে। দেশে ইভির শো-রুম চালু করার এই পদক্ষেপ দেশে ইভি ব্যবহার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম