ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, মাদক সমাজের একটি ক্যান্সার। মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, জীবন একটি যুদ্ধ ক্ষেত্র। জীবনের শুরু থেকে যুদ্ধ করতে হয়। ছাত্রজীবন যুদ্ধক্ষেত্রের প্রাথমিক পর্যায়। জীবনে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে এসময়ে যুদ্ধ করতে হয়, প্রতিযোগিতা করতে হয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হয়।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা কেবল মাদক ত্যাগ করেই বসে থাকবে না, যাতে মাদকসেবী তৈরি না হয় তারা সেই আন্দোলন গড়ে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, অনেকেই বলে থাকেন মোবাইল ফোন শেষ করে দিচ্ছে আমাদের সন্তানদের, আমাদের পরবর্তী প্রজন্মকে। আমি বলতে চাই, সারা বিশ্বের জন্যই মোবাইল ফোন একটি আধুনিক প্রযুক্তি। বর্তমানে মোবাইল ফোন হলো জ্ঞানের ভাণ্ডার। তবে সেটি যেন সবসময় অবশ্যই ইতিবাচকভাবে ব্যবহার করা হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে ৩৫তম অর্থনীতির দেশ। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে এবং সে সময় দেশ হবে ২৪তম অর্থনীতির দেশ। আধুনিক ও উন্নত দেশ হওয়ার অগ্রযাত্রায় এ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরই নেতৃত্ব দিতে হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম