আলোচিত চিকিৎসক সাবরিনা সম্প্রতি সামাজিক মাধ্যমে নানা ভিডিওতে বক্তব্য দিচ্ছেন। তার এসব বক্তব্য ভাইরাল হওয়ার জন্য, নাকি অন্য উদ্দেশ্যে সেই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে সেটি তদন্ত হওয়া উচিত বলে মনে করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
ডিবিপ্রধান বলেন, আমি যখন ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি ছিলাম, তখন করোনার সনদ জালিয়াতির দায়ে সাবরিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। সে সময় আমরা তাকে গ্রেফতার করি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।
হারুন অর রশীদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় তিনি অবতারণা করছেন। আদৌ কারাগারে তিনি এ ধরনের সমস্যায় পড়েছেন কি-না বা সমস্যায় পড়লে তিনি কর্তৃপক্ষকে অবহিত করছেন কি-না। নাকি ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্যই তিনি এসব বলছেন, তা জানি না। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে আমরা মনে করি বিষয়টির তদন্ত হওয়া উচিৎ।
ডা. সাবরিনা কী বলছেন সেটা আমাদের বিবেচ্য বিষয় না মন্তব্য করে তিনি বলেন, আদালত তার অপরাধ বিবেচনায় তাকে সাজা দিয়েছেন। সম্প্রতি সাজা ভোগ শেষে তিনি কারাগার থেকে বের হয়েছেন। এখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাগারের বিষয়ে নানা অভিযোগ তুলছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম