রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

৫ ফেব্রুয়ারি সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2024-01-30 20:12:45
৫ ফেব্রুয়ারি সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী

প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের নিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবিত এ সভা বর্তমান সরকারের প্রথম সভা। সভার স্থান এবং এজেন্ডা দু’একদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এর আগে, সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সচিব সভা হয়েছিল ২০২২ সালের ২৭ নভেম্বর।

জানা যায়, এবারের সচিব সভায় উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী মৌখিক সম্মতি দিয়েছেন। তবে স্থান এখনও চূড়ান্ত হয়নি। সচিব সভা সাধারণত সচিবালয়েই অনুষ্ঠিত হতো। কিন্তু সচিবালয়ে প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরে কম যাচ্ছেন।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে হচ্ছে, যেগুলো সাধারণত সচিবালয়ে হতো। তাই এবার সচিবালয়ে সচিব সভা হওয়ার সম্ভাবনা কম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা হওয়া সম্ভাবনা আছে। তবে এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়েও সচিব সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের সচিব সভায় সাত থেকে আটটি বিষয় এজেন্ডাভুক্ত হতে পারে। সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকার বিষয়টি। এর বাইরে আইনশৃঙ্খলা রক্ষা, আগের সচিব সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবহিত করবেন সচিবরা। পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণে কড়া বার্তা দিতে পারেন সরকার প্রধান।

প্রসঙ্গত, সচিব সভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি এবং মন্ত্রিপরিষদ সচিব সভাপতিত্ব করবেন। এতে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বিভিন্ন দপ্তর বা সংস্থায় কাজ করা সচিবরাও উপস্থিত থাকবেন। বর্তমানে নিয়মিত ও চুক্তিভিত্তিক মিলিয়ে ৮৭ জন সচিব ও সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম