মেট্রোরেলে সহজে যাতায়াতের জন্য গত ৫ দিনে প্রায় ৪০ হাজার এমআরটি পাস কিনেছেন যাত্রীরা। আর যাত্রীদের ভোগান্তি কমাতে মেট্রোরেলের চলাচলের মধ্যবর্তী সময় কমানোর চিন্তা করছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, ৫ দিনে প্রায় ৪০ হাজার যাত্রী আমাদের এমআরটি পাস কিনেছেন। ভিড় কমাতে আমাদের মেট্রোরেলের চলাচলের মধ্যবর্তী সময় কমিয়ে আনার চেষ্টা চলছে। যা ৬ থেকে ৭ মিনিট পর পর ছাড়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া আপাতত কোচ (বগি) বাড়ানোর চিন্তা নেই।
এম এ এন ছিদ্দিক বলেন, বর্তমানে মেট্রোরেল প্রতিদিন দেড়শ বার যাতায়াত করছে ও এখন ১০ মিনিট পর পর চলছে। যদি আমরা সময় কমিয়ে আনি সেক্ষেত্রে চলবে ১৭০ থেকে ১৮০ বার। এতে মেট্রোরেলে যাত্রীদের ভোগান্তি কমবে।
এছাড়া প্রতি কোচে ২ হাজার ৩০৮ জন যাত্রী বহনের সুযোগ রয়েছে। সে তুলনায় যাত্রী যাচ্ছে এক হাজার ৮০০ থেকে ২ হাজার। প্রতিটি কোচে গেট রয়েছে ৪টি, কিন্তু যাত্রী উঠছে ২টি গেট দিয়ে। মানুষ এখনও অভ্যস্ত হয়ে ওঠেনি। এতে প্রতি কোচে ২০০ জনের বেশি যাত্রী বহনের জায়গা খালি যাচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম