মূল লক্ষ্য দেশের সকল নদী দখলমুক্ত করা জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী দূষণ কমাতে ইতোমধ্যে পরিবেশ ও বণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। নদী দূষণ কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরপর প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় এবং এর অধিনস্থ দপ্তর ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং সংস্থা প্রধানগণ।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে উন্নয়ন দৃশ্যমান, ও কর্মসংস্থান দিয়েছে। ইশতেহার মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। বাংলার মানুষ জানতেন- প্রধানমন্ত্রী এ ইশতেহার বাস্তবায়ন করতে পারবেন। ৭ই জানুয়ারি ভোটের মাধ্যমে আওয়ামী লীগের ইশতেহার জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। এটি বাস্তবায়নের দায়িত্ব আমাদের।
তিনি বলেন, মন্ত্রণালয়ের চলমান কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া প্রধান কাজ। আমরা তো নদী দখলদারদের বিরুদ্ধে অনেক আগেই দাঁড়িয়ে গেছি। ঢাকা-চট্টগ্রাম সহ সবখানের নদ-নদী দখলমুক্ত করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম