দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে আচরণবিধি ভাঙার হিড়িক দেখা গেছে। নির্ধারিত সময়ের আগেই প্রার্থীদের পক্ষে চলছে প্রচার-প্রচারণা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রচারণার শেষ দিনে ঢাকা-১৩ সংসদীয় আসনে প্রচারণার মাইক বাজছে সকাল থেকেই।
ভোটের মাঠে মোট ছয়জন প্রার্থী ঢাকা-১৩ আসনে। তাদের মধ্যে একজন নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক ছাড়া বাকী পাঁচজন অপরিচিত।
নৌকার বিপরীতে প্রচারণার প্রথম দিন থেকেই মাঠে তুলনামূলক কম দেখা গেছে বাকী প্রার্থীদের। পোস্টার, ব্যানার, ফেস্টুন কিংবা মাইকিং- সব দিক থেকেই নৌকার বিপরীতে নামকাওয়াস্তে দেখা গেছে বাকী প্রার্থীদের।
তবে প্রচারণার শেষ দিনে যেনো খোলস ছেড়ে বের হয়েছেন প্রার্থীরা। এদিন সকাল থেকে মাইকিং দেখা গেছে ফুলের মালা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মো. কামরুল আহসানের পক্ষে।
বৃহস্পতিবার সকাল থেকে এই প্রার্থীর পক্ষে প্রচারণা দেখা গেছে মোহাম্মদপুর ও আদাবর এলাকায়।
একই সময়ে একই এলাকায় মাইকিং করতে দেখা গেছে বাংলাদেশ সুপ্রীম পার্টির (বি.এস.পি) প্রার্থী মো. সোহেল সামাদ বাচ্চুর পক্ষে। তিনি ভোটের মাঠে আছেন একতারা প্রতীক নিয়ে।
যদিও বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনী মাইকিং চলবে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। তবে প্রচারণার শেষ দিনে এসে এতদিন অনেকটা নিরব ভূমিকায় থাকা প্রার্থীরাও আচরণবিধি ভাঙছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম