যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে ডিবি কার্যালয়ে পূর্ব নির্ধারিত বৈঠক শেষে তারা সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন।
মার্কিন পর্যবেক্ষক দলে ছিলেন- আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।
ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরে ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রতিনিধিদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এ সময় তাদের সাদা ভাত, মাছ ও মুরগির মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।
বৈঠকে আইআরআই প্রতিনিধি দল নির্বাচনে পুলিশের পক্ষ থেকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চায়।
জবাবে গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম