নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর রেল জংশন স্টেশনের পশ্চিম প্রান্তে একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে। এতে উত্তরবঙ্গ থেকে ঢাকা ও দক্ষিণাঞ্চলের সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আজ বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার দুপুর ৩টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুলপুর রেল জংশনের মাস্টার জানান, দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে আবদুলপুর রেল স্টেশনে ঢুকছিল। ঢোকার আগমুহূর্তে পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। পরে ওই দুটিসহ মোট তিনটি বগি রেখে ট্রেনটি চলে যায়।
আবদুলপুর রেলস্টেশনের মাস্টার জিয়া উদ্দিন জানান, কী কারণে বগি লাইনচ্যুত হয়েছে, তা জানা যায়নি। তবে লাইন মেরামতের জন্য রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম