শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব


DhakaReport24.com || 2023-10-17 19:28:00
দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। আগামী ২৪ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন সুসংহত করায় এই দুর্গাপূজা বর্তমানে শুধু হিন্দু সম্প্রদায়েরই উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসব। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এ বছরও র‍্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে। 

তিনি আরও বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল থেকে র‍্যাব ফোর্সেস সারা দেশব্যাপী চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। পূজা উপলক্ষ্যে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে র‍্যাবের চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। 

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে র‍্যাবের ব্যাটালিয়নগুলোর নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন ও টহল জোরদারসহ পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন থাকবে। রাজধানীর বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে সুযোগ সন্ধানী ও দুষ্কৃতিকারী কর্তৃক নাশকতাসহ যেকোনো উদ্ভূত পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে র‍্যাব বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম