রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2021-10-02 22:57:15
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন ডিসি থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কি হয়ে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে গতকাল শুক্রবার (১ অক্টোবর) রাত সোয়া ১১টায় তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 

তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশন যোগদানসহ এর সাইড লাইনে অন্যান্য উচ্চ পর্যায়ের আলোচনায় অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি হয়ে বাংলাদেশ স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, তিন বাহিনীর প্রধানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 

এর আগে  ওয়াশিংটন ডিসি সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ২৭ মিনিটে ফ্লাইটটি ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলসিঙ্কির উদ্দেশে যাত্রা করে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। 

১ অক্টোবর স্থানীয় সময় সকাল ৯টায় ফ্লাইটটি হেলসিঙ্কি-ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ফিনল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত (অনাবাসিক) মো. নাজমুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

হেলসিঙ্কিতে দুই থেকে তিন ঘন্টা যাত্রা-বিরতির পর হেলসিঙ্কি সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। এর আগে হেলসিঙ্কিতে দুইদিনের যাত্রাবিরতির পর ১৯ সেপ্টেম্বর ৭৬তম ইউএনজিএ-তে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছান। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদফতরে ৭৬তম ইউনাইটেড নেশনস জেনারেল এসেমব্লি (ইউএনজিএ) ও কয়েকটি উচ্চ-পর্যায়ের পার্শ্ব-আলোচনায় অংশ নেন। 

পরে ২৫ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে তার সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে ওয়াশিংটন ডিসির উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন।

নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন। তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন। 

প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে তার সম্মানে জাতিসংঘ সদরদফতরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারাগাছ রোপণ ও একটি বেঞ্চ উদ্বোধন  করেন।