সাঈদ খোকনের পরিবার সংশ্লিষ্ট ৮টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
DhakaReport24.com || 2021-06-28 03:53:00
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া তার স্ত্রী ফারহানা আলম, বোন শাহানা হানিফ ও মা ফাতেমা হানিফের ব্যাংক হিসাবসহ মোট আটটি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেয়া হয়।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৮ জুন) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে দুদক গতকাল রবিবার (২৭ জুন) সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের তিনটি, স্ত্রী ফারহানা আলমের দুইটি, বোন শাহানা হানিফের দুইটি ও মায়ের একটি ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
দুদকের তদন্ত কর্মকর্তা তার আবেদনে বলেন, ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলো থেকে যেন অর্থ উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তর করা না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।