বাজেটে দুই-তিন বছর মেয়াদী পরিকল্পনার তাগিদ
DhakaReport24.com || 2021-05-31 05:14:45
দেশে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। হুমকিতে জীবন-জীবিকা। নতুন করে গরীব হয়ে পড়েছে বিপুল সংখ্যক মানুষ। এমন বাস্তবতা সামনে রেখে, বৃহস্পতিবার পেশ হচ্ছে, নতুন অর্থবছরের বাজেট। জীবন-জীবিকা রক্ষার কি পরিকল্পনা থাকবে বাজেটে, সেই আলোচনা এখন সবখানে।
মহামারি করোনার কথা মাথায় রেখে দুই থেকে তিন বছর মেয়াদী বাজেট পরিকল্পনার তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সোমবার (৩১ মে) দুপুরে বাজেট নিয়ে নিজেদের সুপারিশমালা তুলে ধরে বেসরকারি এ গবেষণা সংস্থাটি।
বাজেট নিয়ে সিপিডির সুপারিশমালা রয়েছে- কর না বাড়িয়ে, করফাঁকি আর পাচার ঠেকানোর কথা। প্রবৃদ্ধির দিকে না তাকিয়ে, বৈষম্য দূর করার দিকে মনোযোগী হওয়ার তাগিদও দিচ্ছে সংস্থাটি।
সিপিডি সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, স্বাস্থ্যে যে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি, তা আর বলার অপেক্ষা নেই কোথাও। সঙ্গে গুরুত্ব দেয়ার তাগিদ কৃষিসহ চার খাতে।
সিপিডি নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, এক বছরের স্বল্পমেয়াদী নয়, এবারের বাজেট হওয়া দরকার মধ্যমেয়াদী। অর্থাৎ, দুই থেকে তিন বছরের।
সিপিডি গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম জানান, কেবল বড় বাজেট নয়, বাস্তবায়নে দরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা।