প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আগুন সন্ত্রাস থেকে মানুষকে রক্ষা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে আনসার বাহিনী।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুরে সফিপুর আনসার একাডেমিতে বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর বড় ভূমিকা ছিল। এছাড়া বিএনপির জ্বালাও-পোড়াওয়ের মতো সহিংসতা ও জঙ্গিবাদ মোকাবিলায় আনসার বাহিনী কাজ করেছে।
শেখ হাসিনা বলেন, আনসার বাহিনীর সব সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর বড় ভূমিকা ছিল। তারা তাদের অস্ত্রশস্ত্র দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। অনেক আনসার সদস্যই স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করেছেন। দেশের কল্যাণে নানানভাবে কাজ করে যাচ্ছে এই বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে যাতে আনসার বাহিনী চলতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যেকটি বাহিনীকেই সহায়তা দিচ্ছে গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম