রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর আল্লাহকে স্মরণ করেছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। গণমাধ্যমকে চুপ্পু বলেন, ‘সবকিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়’।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশন ভবনে যান। সেখানে থেকে বেরোনোর পর রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সাহাবুদ্দিনের নাম ঘোষণা দেন সেতুমন্ত্রী কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথা বলার পর সেখানে উপস্থিত সাংবাদিকরা সাহাবুদ্দিন চুপ্পুকে কিছু বলার অনুরোধ করেন। একের পর এক অনুরোধের মধ্যে সাহাবুদ্দিন চুপ্পু শুধু বলেন, ‘সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে।’
পেশায় আইনজীবী সাহাবুদ্দিন চুপ্পু এখন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।
ইতোপূর্বে জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের নেতা কর্মীর দ্বারা সংঘটিত হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন সাহাবুদ্দিন চুপ্পু।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম