বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের পর আগামীকাল পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করতে পারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিন দলটির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। এরআগে, ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা ও ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই–বাছাই করা হবে।
রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের উপনেতা মতিয়া চৌধুরী জানান, আগামীকালের বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ঠিক করার বিষয়টি আসতে পারে।
তিনি জানান, কাকে সমর্থন দেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নাম সমূহের কোনো ভিত্তি নেই বলেও জানান এ নেত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম