দীর্ঘ ৮১ বছর পর বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে। আজ শনিবার রাতে প্রচারিত হবে বিবিসি বাংলা রেডিওর শেষ দুই অধিবেশন।
আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত সাড়ে ১০টায় সংবাদ এবং সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ আর ‘পরিক্রমা’ শেষবারের মতো প্রচারিত হবে। অনুষ্ঠান দুটি উপস্থাপনা করবেন লন্ডনে মানসী বড়ুয়া আর ঢাকায় আকবর হোসেন।
১৯৪১ সালের ১১ অক্টোবর একটি সাপ্তাহিক নিউজলেটার দিয়ে বিবিসি বাংলা রেডিও যাত্রা শুরু হয়। তবে সেপ্টেম্বর মাসে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস কর্তৃপক্ষ বাংলায় রেডিও সম্প্রচার বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ব্যাপক পরিবর্তনের পটভূমিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা বলেন, ‘বিবিসি বেশকিছু দিন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর বেশি জোর দিচ্ছে, এখন এই পরিবর্তনের প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম