বিদেশি দূতাবাসের ইন্ধনে জাতীয় নেতারা হত্যা হয়েছিলো: কাদের
DhakaReport24.com || 2020-11-03 21:59:30
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি বিদেশি দূতাবাসের ইন্ধনে ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় নেতাদের হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে এসব ষড়যন্ত্রের অনেকটাই জাতি জানতে পেরেছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবসে রাজধানী ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচিত হয়নি। এসময়, ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বরের ঘটনা প্রবাহ কী তা উদঘাটন করে জাতির সম্মুখে শিগগিরিই তুলে ধরার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, ইতিহাসে সত্যের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে এ বিষয়টি উদঘাটন করে বের করা দরকার।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর কেন জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল হুদা, কর্নেল হায়দারসহ অসংখ্য সেনাবাহিনীর অফিসারকে, জওয়ানকে সেদিন সিপাহি জনতার বিপ্লবের নামে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি। ইতিহাসে সত্যের স্বার্থে এবং আগামী প্রজন্মকে সব বিষয়ে জানাতে আমাদের এ বিষয়টি উদঘাটন করে বের করা দরকার।’