ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে দুর্ভোগের শিকার হয়েছেন নগরবাসী।এসব এলাকার অলি-গলিতে জমেছে হাঁটু পানি। পাশাপাশি অনেকের ঘরেই পানি প্রবেশ করেছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালেও রাজধানীর ধানমণ্ডি ২৭, পূর্ব তেজতুরী বাজার, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, নবোদয় বাজার, হাউজিং লিমিটেড এলাকা পানিতে তলিয়ে রয়েছে।বকশিবাজার, লালবাগ, শংকর, শুক্রাবাদ, তল্লাবাগ, রাজাবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে জলাবদ্ধতা।
তল্লাবাগের বাসিন্দা গণমাধ্যমকর্মী আফরিদা হিমিকা থাকেন ভবনের নিচ তলায়। তিনি বলেন, দিনভর বৃষ্টিতে বাড়ির সামনের সড়কে পানি জমলেও রাতে রাস্তা গড়িয়ে তার ঘরে পানি প্রবেশ করেছে।
তিনি বলেন, 'দরজা দিয়ে অনবরত পানি ঢুকছে। বাধ্য হয়ে মালামাল উঁচুস্থানে তুলেছি। কিছু মালামাল এর মধ্যে নষ্ট হয়েছে। এমন একটা অবস্থা যে, খাটে প্রয়োজনীয় জিনিসপত্র তুলবো তো দূরের কথা ঘুমানোর জায়গাও নেই।'
ধানমণ্ডির বাসিন্দারা বলেন, 'ঘরে পানি ঢুকেছে দুপুরের পরই। বাইরে পানি, ভেতরে পানি। আমরা যাব কই?'
টানা বৃষ্টির কারণে মহাখালী, শান্তিনগর, খিলগাঁও, শ্যামপুর, উত্তরখান, মিরপুর, বনশ্রী, বসুন্ধরা, খিলক্ষেত, এয়ারপোর্টসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসিন্দাদেরও ভোগান্তি নিয়ে চলতে হচ্ছে।
এমন অবস্থাতেই হাঁটু সমান পানি মাড়িয়ে মানুষ জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন। এতে ভিজে একাকার হয়ে যাচ্ছেন ঘরের বাইরে আসা এসব এলাকার মানুষ। কেউ আবার রিকশার সিটের ওপরে বসে, কেউবা ভ্যানে করে কোনোভাবে পানি পার হচ্ছেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন, ডিএনসিসির ১০টি অঞ্চলেই জলাবদ্ধতা দূর করার জন্য সোমবার (২৪ অক্টোবর) থেকেই একাধিক টিম কাজ করছে।
এর আগে, সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাং প্রচণ্ড বেগে উপকূলে আছড়ে পড়ে রীতিমতো তাণ্ডব চালায়। অবশ্য রাতেই এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। আজ সারাদেশের আকাশ মেঘলা রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম