২০২৩ সালের জন্য ৫৪ লাখ ৬০ হাজার মেট্রিক টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) কেনার একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার (১৯ আক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
আজ ২টায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত জানান ।
তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর মাধ্যমে ২০২৩ সালের জন্য ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও বিপিসির মাধ্যমে ২০২৩ সালের জন্য জি-টু-জি ভিত্তিতে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চট্টগ্রাম মহানগরীর দক্ষিণাঞ্চল পতেঙ্গা ও তার আশেপাশের এলাকায় পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে 'চট্টগ্রাম মেট্রোপলিটন সুয়ারেজ প্রজেক্ট ফর পতেঙ্গা ক্যাচমেন্ট' প্রকল্প পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে এই প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম ওয়াসা।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম