দীর্ঘ আট ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। উদ্ধারকারী ট্রেনের সহায়তায় ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করার পর বুধবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় আখাউড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। গাজীপুরের কালিয়াকৈরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলী এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা। এর ফলস্বরূপ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। যা হাজার হাজার যাত্রীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত হওয়ার পর বুধবার (১৯ অক্টোবর) সকালে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে এবং সকাল সোয়া ৮টার দিকে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক শহীদুল্লাহ হিরো বলেন, সকাল সোয়া ৮টার দিকে মালবাহী ট্রেনের ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় আট ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম