প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও প্রধামন্ত্রীর সঙ্গে ছিলেন ।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর ১৫ আগস্ট শহীদ হওয়া তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় অপেক্ষারত আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী ও তার ছোট বোনকে স্বাগত জানান। জানা গেছে, সকাল সোয়া ৭টায় গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তারা। সকাল ৭টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতুতে টোল দিয়ে টোল প্লাজা অতিক্রম করে।
এরপর প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সাথে ঘরোয়া সভায় অংশগ্রহণ করবেন। বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানানোর কথা রয়েছে তার। এরপর টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার পর প্রথম টোল দিয়ে সেতু পার হন তিনি।
তবে শেখ হাসিনা পদ্মা সেতু পেরিয়ে প্রথমবারের মতো টুঙ্গিপাড়ায় যান গত ৪ জুলাই। শেষবার গত ১২ আগস্ট পদ্মা সেতু পাড়ি টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম