রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

পা হারানোর আশংকায় দিশেহারা মিয়ানমার সীমান্তে বিস্ফোরণে আহত যুবক


DhakaReport24.com || 2022-09-17 23:48:15
পা হারানোর আশংকায় দিশেহারা মিয়ানমার সীমান্তে বিস্ফোরণে আহত যুবক

মোটা ব্যান্ডেজে আবৃত হয়ে আছে বাম পায়ের হাঁটু থেকে নিচের অংশ। সেই পা এতটাই ভারী হয়ে আছে যে কোনোভাবেই নাড়াতে পারছেন না। মাঝে মাঝে ব্যাথায় কাতরে উঠছেন । এর সঙ্গে অনিশ্চিত ভবিষ্যত ভাবনা যেন তাকে আরও দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে।

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণে পা হারানোর ঝুঁকি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অন্যথোয়াই তঞ্চঙ্গা কখনও তাকাচ্ছেন নিজের পায়ের দিকে, কখনওবা বিমর্ষ দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছেন।

সন্তানের কাতরানোর শব্দে হাসপাতালের সিটের পাশে বসে থাকা তার মা অসহায়বোধ করছেন। কী করবেন বুঝে উঠতে পারছেন না। দুশ্চিন্তা ভর করেছে তার মধ্যেও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানের এ অবস্থায় স্বামী হারা এ নারীও যেন বিমর্ষ হয়ে পড়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালের পঞ্চম তলার ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন অন্যথোয়াই, সঙ্গে আছেন তার মা ইয়াং মে তঞ্চঙ্গা ও কাকা ইছামং তঞ্চঙ্গা। শনিবার সন্ধ্যায় কথা হয় তাদের সঙ্গে। আহত ছেলের অবস্থা কোন দিকে মোড় নেবে সেই ভাবনায় দিশেহারা তারা।

অন্যথোয়াইকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার রাতেই তার অপারেশন হবার কথা পায়ে।

শুক্রবার মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবান জেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার জঙ্গলে চরতে থাকা গরু খুঁজতে গিয়ে বিস্ফোরণে একটি পা হারাতে বসেছেন ২২ বছরের যুবক অন্যথোয়াই।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সেই আশঙ্কা প্রকাশ করে বলছেন, অপারেশন করে তার বাম পা কেটে ফেলে দিতে হতে পারে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন দশায় দিশেহারা তার পরিবার।

আগের কয়েকদিনের মত শনিবারও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বিপরীতে সারাদিন ভারী গোলাগুলির আওয়াজ শুনতে পেরেছেন সীমান্তের বাসিন্দারা; এতে আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে।

অন্যথোয়াইয়ের আহত হওয়ার দিন মিয়ানমার থেকে আসা গোলার বিস্ফোরণে রোহিঙ্গাদের হতাহতের ঘটনাও ঘটে।

শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায় সন্তানের পাশে বসে রয়েছেন ইয়াং মে। স্বামী হারা এ নারী বলেন, দুই ভাই এক বোনের মধ্যে বড় ছেলে অন্যথোয়াই দিনমজুরের কাজ করার পাশাপাশি চাষের কাজও করত। তার আয়েই আমাদের ঘর চলে। এখন তার কিছু হলে আমাদের পরিবারের কী হবে জানি না।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু তিন নম্বর ওয়ার্ডে মিয়ানমার সীমান্ত এলাকায় শুক্রবার সকাল ১১টার দিকে হঠাৎ বিস্ফোরণে আহত হন অন্যথোয়াই। এসময় তার সঙ্গে ছিলেন আরও তিনজন। সীমান্ত এলাকার আধা কিলোমিটারের মধ্যেই তাদের বাড়ি।

হাসপাতালে শয্যাশায়ী অন্যথোয়াই বলেন, ‘‘আমরা বাড়িতে গরু লালন-পালন করি। জিরো পয়েন্টের কাছে জঙ্গলে চরতে যাওয়া গরু খুঁজতে গিয়ে একটি ছড়া পার হবার সময় বাম পা দেয়ার সাথে সাথে বিস্ফোরণ ঘটে। এসময় পড়ে গেলে সাথে থাকা লোকজন আমাকে উদ্ধার করে নিয়ে আসে। ’’ 

তার মা ইয়াং মে জানান, তমব্রু তিন নম্বর ওয়র্ডে সীমান্তবর্তী এলাকায় ৬০ থেকে ৭০ পাহাড়ি পরিবার বসবাস করে। সেখান থেকে আধ মাইলের মধ্যে মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট। লাগোয়া এলাকায় তারা চাষাবাদও করেন।

মিয়ানমার সীমান্তে বিস্ফোরণ: পা ‘হারাতে বসা’ যুবকের সঙ্গে ‘দিশেহারা’ পরিবারও সাম্প্রতিক সময়ে প্রায়ই ওপার থেকে গোলাগুলির আওয়াজ শোনা যায় বলে জানায়।

তবে নিজের ঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে তাদের অনীহা রয়েছে উল্লেখ করে ইয়াং মে জানান  মাঝেমধ্যে স্থানীয় একটি বৌদ্ধ মন্দিরে গিয়ে তারা সপরিবারে আশ্রয় নিতেন তারা।

অন্যথোয়াইয়ের সঙ্গে থাকা তার কাকা ইছামং ভাইপোর চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, রাতে পায়ে অপারেশন হবে। আমাদের টাকা-পয়সাও তেমন নেই। চিকিৎসা করাতে আমাদের কষ্ট হচ্ছে।

হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. চন্দন দাশ বলেন, বিস্ফোরণে আহত ছেলেটির বাম পা জখম হয়েছে। হাঁটুর নিচ থেকে ক্ষতিগ্রস্ত পায়ের কিছু অংশ বাদ দিতে হতে পারে।     

সাম্প্রতিক সময়ে তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী আরাকান আর্মির সংঘর্ষ চলছে বলে খবর বেরিয়েছে।

এরই জের ধরে মিয়ানমার থেকে গোলা ও মর্টার শেল বাংলাদেশে এসে পড়ার ঘটনাও ঘটেছে। এ নিয়ে সীমান্তবর্তী এলাকার লোকজনের মধ্যে আতংক বিরাজ করছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম