পূর্ব ভারতের একটি কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরুর পরিকল্পনা করছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। বিজয় দিবসের আগেই রপ্তানি শুরু হবে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রথম দিন সোমবার রাতে দিল্লিতে তার সাথে সাক্ষাৎ করেন আদানি। এরপর এক টুইটার পোস্টে জানান, অচিরেই ঝাড়খণ্ড রাজ্যে আদানি পাওয়ার লিমিটেডের ১.৬ গিগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। এখান থেকে সরাসরি সঞ্চালন লাইনের মাধ্যমে ১৬ ডিসেম্বরের মধ্যে রপ্তানি শুরু হবে।
প্রতিবেশীদের সাথে সম্পর্ক দৃঢ় করতে ভারতের অবকাঠামো ব্যবহারের লক্ষ্য রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটি।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এশিয়ার সেরা ধনকুবের আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, অবকাঠামো ও এনার্জি খাতে বিস্তৃত। তিনি শ্রীলঙ্কাতেও বিনিয়োগ করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্ববাজারে গ্যাস ও কয়লার দাম বাড়ার ফলে জ্বালানি সংকটের সম্মুখীন হয় বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনে আমদানি করা এসব জীবাশ্ম জ্বালানির ওপর বাংলাদেশ ব্যাপকভাবে নির্ভরশীল। তার সাথে রয়েছে, রপ্তানি-নির্ভর অর্থনীতিকে সমর্থন দিতে ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানের দ্বিগুণ করার লক্ষ্য।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম