প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে চার জেলার চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন । শনিবার বিকেল চারটায় শুরু হওয়া এ বৈঠকে চা শ্রমিকদের ঘর করে দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
সভায় শেখ হাসিনা বলেন, ঐতিহ্যবাহী চা শিল্পকে ধ্বংস হতে দেয়া যাবে না। চা শিল্প যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। চা শ্রমিকরা ভালোভাবে বাঁচলে এই শিল্প বাঁচবে। চা শ্রমিকদের সবাইকে ঘর করে দেয়ার ব্যবস্থা করে দেয়া হবে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা-বাগানের খেলার মাঠ থেকে জেলার ২৪টি চা-বাগানের শ্রমিকরা ভিডিওকলে অংশ নিয়েছেন। এছাড়া ৯২টি চা-বাগানের শ্রমিকরা মৌলভীবাজার থেকে ভিডিওকলে অংশ নিয়েছেন । এছাড়াও সিলেট এবং চট্টগ্রাম থেকেও ভিডিওকলে যোগ দিয়েছেন শ্রমিকরা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানের শ্রমিকেরা। ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ পালন করেন তারা। এর মধ্যে দফায় দফায় বৈঠক হলেও তা সমাধান হয়নি।
পরবর্তীতে চা শ্রমিকরা ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন । আন্দোলনের মুখে গত ২৭ আগস্ট চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসেন । বৈঠকে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১৭০ টাকা ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম