টিসিবির জন্য আনা প্রায় ২০০ টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাসে ‘বিলম্ব’ হওয়ায় নষ্ট হয়ে গেছে।
আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছে চট্টগ্রাম ইপিজেড সংলগ্ন টিসিবি কার্যালয়ের পুকুর পাড়ে ফেলে রাখা এসব পচা পেঁয়াজের দুর্গন্ধ লোকালয়ে ছড়াচ্ছে।
স্থানীয় ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন বলেন, “টিসিবির ভেতরে বিশাল জায়গা আছে। তাদের জায়গায় ফেলা এসব পেঁয়াজের দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছে।
“টিসিবি দ্রুত সময়ের মধ্যে এসব পচা পেঁয়াজ অপসারণের বিষয়ে ব্যবস্থা নেবে বলে আশা করছি।”
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমেদ বলেন, তাদের তুরস্কের একটি প্রতিষ্ঠানের সাথে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানির চুক্তি হয়েছিল। তার মধ্যে এখন পর্যন্ত আসা দুই হাজার ৮০০ টন পেঁয়াজ বন্দর থেকে খালাস করা হয়েছে।
“খালাস করা এসব পেঁয়াজের মধ্যে প্রায় ২০০ টন পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। বাকি পেঁয়াজগুলো বিক্রির জন্য ডিলারদের বিতরণ করা হয়ে গেছে।”
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র চট্টগ্রাম কার্যালয়ের প্রধান জামাল উদ্দিনের ভাষ্য, সরবরাহকারী প্রতিষ্ঠান শিপিং ডকুমেন্ট দেরিতে পাঠানোর কারণে এসব পেঁয়াজ বন্দর থেকে খালাস করতে দেরি হয়েছে। সে কারণে পেঁয়াজগুলো পচে গেছে।
তবে এসব পেঁয়াজের জন্য টিসিবির আর্থিক ক্ষতি হবে না দাবি করে তিনি বলেন, “তাদের (সরবরাহকারী) সাথে আমাদের চুক্তি ছিল গুদামে যেসব ভালো পেঁয়াজ গ্রহণ করব, সে পরিমাণ অর্থ তারা পাবে।
“পেঁয়াজগুলো খালাস করার পর আমদানিকারকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারাই পচা পেয়াজগুলো বাছাই করে ফেলে দিয়েছে, আমরা শুধু জায়গা দিয়েছি।”
পচা পেঁয়াজগুলো শুক্রবার রাতের মধ্যেই মাটিতে পুঁতে ফেলা হবে জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম