আশুলিয়ার চাঞ্চল্যকর শিক্ষক উৎপল হত্যাকান্ডের প্রধান আসামী ছাত্র জিতুর বাবা উজ্জ্বলকে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (২৯ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই এমদাদুল হক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুন রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, চিত্রশাইল এলাকার উজ্জ্বলের বাড়ির এক ভাড়াটিয়ার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার বাড়িতে আত্মগোপনে ছিলেন উজ্জ্বল। তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত জিতু এখনও পলাতক।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে ওই শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার বাদী হয়ে জিতু সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এখনো অভিযুক্ত শিক্ষার্থী পলাতক রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম