সাভারের শিক্ষক উৎপল হত্যাকাণ্ডের মূল আসামি জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। আজ বুধবার সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে আশুলিয়া থানায় আনা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, চিত্রশাইল এলাকায় ভাড়াটিয়ার গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন করবে। অভিযুক্ত জিতু এখনোও পলাতক।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। গত রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার বাদী হয়ে জিতু সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এখনো অভিযুক্ত শিক্ষার্থী পলাতক রয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম