স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিআইপি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। হতাহতের সংখ্যা ও আহতদের আশঙ্কাজনক অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছে স্মার্ট গ্রুপের পরিচালকরাসহ এই পরিবারের সদস্যরা।
মুজিবুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত বেদনাদায়ক এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন সবাই আমার পরিবারের সদস্য। যারা হতাহত হয়েছেন সবাই আমার আপনজন। আমি ও আমার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তদের যেকোনো প্রয়োজনে মানবিকতার সর্বোচ্চ নজির স্থাপন করতে প্রস্তুত রয়েছি।
তিনি আরো জানান, আর্থিক-মানসিক সহযোগিতার পাশাপাশি নিহতদের পরিবারের পাশে থাকবে স্মার্ট গ্রুপ।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগায় বিস্ফোরণ হলে কনটেইনার ডিপোর আশপাশের প্রায় ৪ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। এ সময় মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। কনটেইনারে রাসায়নিক দ্রব্য থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নেভাতে এত সময় লাগে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে ৪৯ জনের মৃত্যুসহ দগ্ধ হয়ে চার শতাধিক হাসপাতালে ভর্তি আছেন বলে জানা যায়। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম