ভারত থেকে ট্রেনের কোচ আমদানি করার চিন্তা করছে বাংলাদেশ। এ লক্ষ্যে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) পরিদর্শন করেছেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
ভারতের কারখানা পরিদর্শনের পর রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ এই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে ট্রেনের কোচ আমদানির সম্ভাবনা খতিয়ে দেখবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন চেন্নাইয়ের আইসিএফ পরিদর্শন করেন। এ সময় রেলমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী ছিলেন। সংক্ষিপ্ত এ সফরে তারা লিংক হফম্যান বুশ (এলএইচবি) ভিস্তাডোম কোচ, এলএইচবি এসি টু টায়ার এবং থ্রি টায়ারসহ আইসিএফের তৈরি বিশেষ কোচগুলো পরিদর্শন করেন।
পিটিআই বলছে, কারখানা পরিদর্শনের পর আইসিএফের মহাব্যবস্থাপক একে আগারওয়ালের সঙ্গে আলাপকালে রেলমন্ত্রী সুজন বলেন, বাংলাদেশে রেলওয়ের বর্তমান মিটারগেজ ট্র্যাকগুলোকে ব্রডগেজে রূপান্তর করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং আইসিএফ থেকে এলএইচবি কোচগুলো বাংলাদেশ রেলওয়ের আধুনিকীকরণে অনেক সাহায্য করবে।
এদিকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নুরুল ইসলাম সুজন বলেন, শ্রীলংকা ও নেপালে সম্প্রতি আইসিএফের রপ্তানি করা ডেমু (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেনের মতো গণযাতায়াতের জন্য ট্রেন সেট আমদানির সম্ভাবনা খতিয়ে দেখবে বাংলাদেশ রেলওয়ে। আইসিএফ থেকে কোচ রপ্তানির প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের একটি দল শিগগিরই চেন্নাইয়ের আইসিএফ পরিদর্শন করবে।
রেলমন্ত্রী সুজন বলেন, বাংলাদেশে রেলপথের উন্নয়নে আইসিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং দুই দেশের রেলপথের মধ্যে সম্পর্কের ‘দীর্ঘ ইতিহাস’ রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম