শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০২৩ সাল থেকে দেশে নতুন শিক্ষাক্রম চালু করা হবে। সেখানে পরীক্ষার চাপ কম থাকবে।’
গতকাল রোববার (৮ মে) বিকেলে শেরপুরে মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল বিদ্যালয়ের নবনির্মিত প্রথম তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বছর শেষে শিক্ষার্থীদের একসঙ্গে অনেক পরীক্ষা দিতে হয়, সেটার বোঝা কমাচ্ছি। প্রতিদিন কী শিখছে, তার মূল্যায়ন করা হবে। শেখাটা যেন আনন্দময় হয় এবং একজন শিক্ষার্থী তা যেনো প্রয়োগ করতে পারে- সেই ব্যবস্থা করা হচ্ছে।’
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর কার্যক্রম প্রায় শেষ। যে কোনো সময় ঘোষণা করা হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবির রুমান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন প্রমুখ বক্তব্য দেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, শেরপুর-৩ (শ্রীবর্দী-ঝিনাইগাতি) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার ফজলুল হক চাঁন, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমান, জেলা প্রশাসক মোমিনুর রশীদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম