স্বনামধন্য গীতিকার, খ্যাতিমান কলামিস্ট, কবি ও সাংবাদিক কে জি মোস্তফা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৮ মে) দিনগত রাত ৮টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৮ ফেব্রুয়ারি কে জি মোস্তাফাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৬ ফেব্রুয়ারি থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
আগামীকাল সোমবার (৯ মে) বাদ জোহর কে জি মোস্তফার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। সেখানে তার জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।
‘তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’-এর মতো নন্দিত ও জনপ্রিয় গানের গীতিকার কে জি মোস্তফার জন্ম ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
১৯৫৮ সালে দৈনিক ইত্তেহাদে শিক্ষানবিশ হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি। ওই বছরই ‘দৈনিক মজলুম’-এ সহ-সম্পাদক পদে নিয়োগ পান এবং পত্রিকাটির বিলুপ্তির আগ পর্যন্ত বহাল ছিলেন। দীর্ঘ বিরতি কাটিয়ে ১৯৬৮ সালে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন সাপ্তাহিক জনতায়।
কে জি মোস্তফার লেখা প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘কাছে থাকো ছুঁয়ে থাকো’, ‘উড়ন্ত রুমাল’, ‘চক্ষুহীন প্রজাপতি’, ‘সাতনরী প্রাণ’, ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, ‘এক মুঠো ভালোবাসা’, ‘প্রেম শোনে না মানা’। গদ্যগ্রন্থ- কোথায় চলেছি আমি (সরস আত্মকাহিনী), ছড়ার বই- ‘শিশু তুমি যিশু’, ‘কন্যা তুমি অনন্যা’, ‘মজার ছড়া শিশুর পড়া’।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম