সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের তৃতীয় ও শেষ জানাজায় মানুষের ঢল নেমেছে।
আজ রোববার (১ মে) দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে সিলেট নগরীর রায়নগরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। এ কবরস্থানে শুয়ে রয়েছেন তাঁর বাবা আবু আহমদ আবদুল হাফিজ ও মা সৈয়দা শাহার বানু চৌধুরী। তাদের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। রোববার (১ মে) বিকাল পৌনে ৩টায় সম্পন্ন হয় তার দাফন।
এর আগে, দুপুর ১২টায় আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। সেখানে সব শ্রেণি-পেশার মানুষ শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।
এর আগে, শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা থেকে মুহিতের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সিলেটের পথে রওয়ানা হয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরের হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
জানা যায়, আবুল মাল আবদুল মুহিত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম