তথ্য অধিকার আইনে চাহিত তথ্য না দেওয়ায় দুই ইউপি সচিবকে জরিমানা করেছে তথ্য কমিশন। ঢাকার সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়ন পরিষদের সচিবকে এক হাজার টাকা এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন পরিষদের সচিবকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গত ২৫ ও ২৬ এপ্রিল তথ্য কমিশনের ভার্চ্যুয়াল শুনানি শেষে জরিমামার এই নির্দেশ দেয় তথ্য কমিশন। শুনানি করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও ড. আবদুল মালেক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়সহ অন্যান্য তথ্য জানতে চেয়ে আমিন বাজার ইউনিয়ন পরিষদের সচিবের কাছে আবেদন করেন সাভারের মো. ইমদাদুল হক।
অন্যদিকে বিভিন্ন তথ্য জানতে চেয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন পরিষদের সচিবের কাছে আবেদন করেন বরিশালের ববিতা মুখার্জী।
কিন্তু তাদের কাউকেই তথ্য দেওয়া হয়নি। তথ্য না পেয়ে উভয় আবেদনকারী পরবর্তীতে আপিল করেন। আপিল করেও তথ্য না পেয়ে তারা তথ্য কমিশনে অভিযোগ করেন।
পরবর্তীতে উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে উক্ত জরিমানা করা হয় এবং ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীদের চাহিত তথ্য দিতে দুই সচিবকে নির্দেশ দেওয়া হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএ