পাওনা টাকা চাওয়ায় জেলা ছাত্রলীগ কর্মী আল-জামিকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শহর শ্রমিকলীগ নেতা শিহাব মোহাম্মদ সগীর ও তার অনুসারীদের বিরুদ্ধে।
গত ১৩ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭ টায় পটুয়াখালীর পৌর শহরেরে বিটাইপ বাজার সড়ক থেকে ব্যবসায়ী আল-জামিকে গলায় ছুরি ধরে অটোরিক্সায় তুলে নিয়ে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া কালিবাড়ি সড়কের পাশে নির্জন ধানক্ষেতে নিয়ে মারধর করে কুপিয়ে জখম করে শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শিহাব মোহাম্মদ সগীর। এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগী আল-জামি।
জানা যায়, বেশ কয়েক মাস ধরে ভুক্তভোগী আল-জামি ও অভিযুক্ত শিহাব মোহাম্মদ সগীর এর মধ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে ঝামেলা চলমান ছিলো। আল-জামি তার পাওনা টাকা চাইলে সগীর ইতোপূর্বে তার সদর রোডস্থ নিজ অফিসে আল-জামিকে ডেকে নিয়ে মারধর করেন ও হুমকি ধামকি দেন। তারই রেস ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগী জামির।
এ বিষয়ে অভিযুক্ত শিহাব মোহাম্মদ সগির ঢাকা রিপোর্ট ২৪ কে জানান,এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তার সাথে আমার একটি ব্যবসায়ীক লেনদেন নিয়ে ঝামেলা চলছে, সে এই ঝামেলার জেরে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র সাজিয়েছে। সে আমার কাছে কোন টাকা পায় না উল্টো আমি তার কাছে টাকা পাই। যা নিয়ে কোর্টে মামলা চলমান আছে।
এ বিষয়ে আল-জামি ঢাকা রিপোর্ট ২৪ কে বলেন, এর আগেও আমাকে একবার শিহাব মোহাম্মদ সগির তার অফিসে নিয়ে আমাকে মারধর করেছিলো। এবং মুঠোফোনে বিভিন্ন হুমকি-ধামকি দিয়েছে। যার কল রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে।গত পরশু আবার আমাকে নির্জন এলাকায় তুলে নিয়ে গিয়ে মারধর করেন এবং খুন করার উদ্দেশ্যে আমাকে কুপিয়ে জখম করা হয়।
ফোনকলে হুমকির বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সগীর বলেন, হয়তো রাগের মাথায় তাকে ফোনে কিছু বলেছিলাম। কিন্তু এই হামলার বিষয়ে আমি কিছুই জানি না ।
ইতিমধ্যে এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় জিডি করা হয়েছে।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:মনিরুজ্জামান ঢাকা রিপোর্ট ২৪ কে জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম