রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের সিজকছড়ি এলাকা থেকে ওই শিক্ষার্থী অপহরণের শিকার হন।
অপহৃত শিক্ষার্থীর নাম দীপিকা চাকমা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা। রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল সাজেক যাচ্ছিলেন। যাওয়ার পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ি গতিরোধ করে শিক্ষার্থী দীপিকা চাকমাকে তুলে নিয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ, সেনাবাহিনী এই শিক্ষার্থী পর্যটককে উদ্ধারের কাজ শুরু করেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, দীপিকা চাকমাকে উদ্ধারে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী। বাকি শিক্ষার্থীদের সাজেকের সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে।
স্থানীয়রা জানায়, দীপিকা তার বন্ধুদের নিয়ে সাজেকের পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথে রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের কাছে জিরো মাইল এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার বন্ধুরা সাজেকে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধারে কাজ শুরু করেছে। ওই এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম