কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার ভোরে টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা সীমান্ত এলাকা দিয়ে আসা বিপুল মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করতো বলে জানা গেছে।
র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পহেলা বৈশাখের ছুটির সুযোগ নিয়ে মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে উত্তর কাঞ্জরপাড়া এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন, কাঞ্জরপাড়া এলাকার মো. রাশেদ প্রকাশ রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন প্রকাশ লালু (২৩) ও এহসান উল্লাহ (২৫)। এ সময় তাদের হেফাজত হতে দুটি দেশে তৈরি একনলা বন্দুক (এলজি), আট রাউন্ড তাজা কার্তুজ ও একটি বড় রামদা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন। তারা ঘটনার সময় মাদক চালানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম