কক্সবাজারের উখিয়ার বালুখালীর ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ মাদরাসায় ছয় শিক্ষক-শিক্ষার্থীকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আব্দুল মালেককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
১৮ জানুয়ারি রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
তিনি মালেকে আটকের বিষয় জানান, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন বলে স্বীকারোক্তি দিয়েছেন মালেক । তদন্তের স্বার্থে গ্রেফতারের খবর জানাতে দেরি হয়েছে।
২২ অক্টোবর বালুখালীর ক্যাম্প-১৮তে ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদ্রাসায় ঘুমন্ত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিন শিক্ষক ও এক ছাত্রসহ ছয়জন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হন। কয়েকজনকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা।
নিহতরা ছিলেন, ক্যাম্প-১২, ব্লক-জে ৫ এর বাসিন্দা ওই মাদরাসার শিক্ষক হাফেজ মো. ইদ্রিস (৩২), ক্যাম্প-৯ ব্লক-২৯ এর মৃত মুফতি হাবিবুল্লাহর ছেলে ইব্রাহিম হোসেন (২৪), ক্যাম্প-১৮ ব্লক-এইচ-৫২ এর স্বেচ্ছাসেবক শিক্ষার্থী আজিজুল হক (২২) ও মো, আমিন (৩২)। হাসপাতালে মৃতরা হলেন- ক্যাম্প-১৮, ব্লক-এফ-২২ এর মাদরাসাশিক্ষক নুর আলম ওরফে হালিম (৪৫), এফডিএমএন ক্যাম্প-২৪ এর মাদরাসাশিক্ষক হামিদুল্লাহ (৫৫)।
ওইদিন রাতে নিহতদের ময়নাতদন্ত শেষে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এফডিএমএন ১৮ শিবিরের একটি কবরস্থানে পাঁচজনকে এবং ১১ নম্বর শিবিরে আরেকটি কবরস্থানে অন্য একজন ব্যক্তির নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছিলো।
এ ঘটনায় ২৪ অক্টোবর ২৫ জনকে আসামি ও আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।